অপরাধী নিজ দলের হলেও ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দল নেই মন্তব্য করে রেলপথ এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।
রোববার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদককে সমাজের সব ধরনের অপরাধের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সমাজে শতকরা প্রায় ৯৫টি অপরাধ সংঘটিত হচ্ছে মাদককে কেন্দ্র করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও মূল কারণ এই মাদক। তাই সবার আগে মাদক নির্মূলে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন প্রমুখ।
শিহাব খান/এসআর/এএসএম

