রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) ও একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয়রা জানান, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে পাঁচ জেলে নদীতে মাছ ধরতে যান। বিকেলে বুড়াগৌরাঙ্গ মোহনায় জাল ফেলছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন।
পরে স্থানীয়রা তাদের রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমন খাঁ ও শাকিব শিকদারকে মৃত ঘোষণা করেন। অপর তিন জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত অবস্থায় পাঁচ জেলেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে দুজনের মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ও জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
মাহমুদ হাসান রায়হান/এএইচ/এএসএম
