রবীন্দ্র-নজরুল বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ
চট্টগ্রামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রবীন্দ্র ও নজরুল সংগীতের এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে সকাল থেকে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও গবেষক ড. মফিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনা, সংস্কৃতি ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বদেশভাবনা ও মানবিকতার পথ অনুসরণ করে সমাজ বিনির্মাণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, চট্টগ্রাম শাখার সহসভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও রীতা দত্ত, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবু ফারহা পলাশ, মহুয়া মঞ্জরী সুনন্দা ও শারমিন সাথী ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ।
উদ্বোধনী পর্ব শেষে থিয়েটার ইনস্টিটিউটের দুটি মিলনায়তনে সাধারণ ও কিশোর বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বুলবুল ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় রবীন্দ্র ও নজরুল সংগীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এমআরএএইচ/এমআইএইচএস
