যশোরে ফিজিওথেরাপি কেন্দ্র স্থাপনে জমি বরাদ্দের আশ্বাস ডিসির
যশোরে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র স্থাপনে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সনেট কক্ষে সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ফিজিওথেরাপি এখন বৃহৎ সেক্টর। ফিজিওথেরাপি বিষয় নিয়ে এখন যারা অধ্যয়ন করছেন, তারা সত্যিকার অর্থেই সেবার ব্রত নিয়ে মানবসেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। এই সেক্টরের আধুনিকায়ন, সার্বিক উন্নয়ন এবং প্রচার-প্রসারে যা যা করা দরকার, সে বিষয়ে আমরা সরকারকে অবহিত করব।
বক্তব্যের একপর্যায়ে জেলা প্রশাসক যশোর শহরে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র স্থাপনে জমি বরাদ্দের আশ্বাস দেন।
এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।
এর আগে সকাল ১০টায় শহরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিশেষায়িত ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে শতাধিক প্রতিবন্ধী এবং নিউরোলজিক্যাল ও মাস্কুলোস্কেলিটাল সমস্যায় আক্রান্ত রোগীকে বিনামূল্যে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
মিলন রহমান/এসআর/এএসএম
