September 11, 2026

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোর, ৪ ঘণ্টা পর মিললো নিথর দেহ

0
og_1789125737_6aa3e46914d47.jpeg


কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—শাহপরীর দ্বীপের মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহ জানান, শুক্রবার সকালে নিশান, আরজিনসহ কয়েকজন বন্ধু জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিশান ও আরজিন পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন।

নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপ বিজিবি বিওপি এলাকার নাফ নদী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের পর স্থানীয়দের সহায়তায় নাফ নদী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আরজিন ঘটনাস্থলেই মারা যায়। আর নিশানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, মোহাম্মদ নিশানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত পানি ফুসফুস ও পেটে প্রবেশের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *