প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মামুনুল হক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। বেগম খালেদা জিয়ার সন্তান। আমরা আপনাকে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না। তাই আমরা আপনাকে সতর্ক করছি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে মামুনুল হক বলেন, এক ব্যক্তির হাতে থাকা ক্ষমতা কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি একটা পুতুল, ঠুঁটো জগন্নাথ। শুধু বঙ্গভবনে ঘোরাফেরা করা ছাড়া, হাঁসের ডিম পাড়া ছাড়া তার আর কোনো কাজ নেই। বাংলাদেশ চায়, জুলাই বিপ্লব চায়, জুলাই সনদ চায় রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা থাকতে হবে।’
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘জুলাই সনদে বিচার বিভাগ ও বিচার সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে না রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা রক্ত দিয়ে যে জুলাই এনেছি, সেই জুলাইয়ের পরে আর চাই না নতুন করে পুরোনো দিনের খেলা দেখতে। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদলের পরে জাতীয়তাবাদী পুলিশ দল হবে; বাংলার মানুষ সেই দৃশ্য আর দেখতে চায় না।’
বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি ইসরাফিল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা জোবায়ের হোসাইন প্রমুখ।
আরমান হোসেন রুমন/এসআর

