নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানা গেলো
নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেছে। আগামী ১৩ সেপ্টেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ হবে। সেক্ষেত্রে পরদিন ১৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা নটর ডেম কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কলেজের ভর্তি-সংক্রান্ত কমিটির সদস্য ও একজন শিক্ষক জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৩ তারিখে লিখিত পরীক্ষার ফল প্রকাশ এবং ১৪ তারিখে ভাইভা হবে। পরদিন ১৫ তারিখ থেকে ভর্তি নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়া শেষে দ্রুত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে।’
কলেজ সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও দুদিনব্যাপী একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।
নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া আবেদন ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ে কতসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
জানা যায়, মিশনারি পরিচালিত কলেজ নটর ডেম ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে না। ভর্তি পরীক্ষায় অংশ নিতে কত শিক্ষার্থী আবেদন করেছে, তাও জানায় না কর্তৃপক্ষ। শুধুমাত্র সফলভাবে আবেদন করা শিক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র পেয়েছে। তাদের প্রবেশপত্রে পরীক্ষার সময়সহ বিস্তারিত তথ্য রয়েছে। সে তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
আসনসংখ্যা কত
বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে। সব মিলিয়ে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন ৩ হাজার ২৯০টি।
এএএইচ/জেএইচ
