ছবির ফ্রেমে ২৭ বছর, নতুনদের স্বাগত জানালো ঢাবি ফটোগ্রাফিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফটোগ্রাফিক সোসাইটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সোসাইটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল।
অনুষ্ঠানে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির দীর্ঘ পথচলা, আলোকচিত্র চর্চায় সংগঠনটির ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এর অবদানের কথা তুলে ধরেন। তারা আলোকচিত্রের মাধ্যমে সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনকে তুলে ধরার পাশাপাশি তরুণদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সোসাইটির নতুন সদস্যদের স্বাগত জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আলোকচিত্রচর্চাকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আরটি/এমআইএইচএস

