বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশ থেকে কয়েকটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক চ্যাটার্জি বিভিন্ন দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ও দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’
স্থানীয় কয়েকজন সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, সমকাল পত্রিকা থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শাওন খান/এসআর/এমআইএইচএস
