September 10, 2026

আমাদের রাস্তা ছাড়ুন: ভারতীয়দের নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যঙ্গ

0
og_1789037669_6aa28c6569cf4.jpeg


যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসনবিরোধী প্রচারণায় ভারতীয়দের লক্ষ্য করে বর্ণবাদী ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ‘ট্রান্সফরমার্স’ সিনেমার আদলে তৈরি একটি পোস্টার প্রকাশ করেছে, যেখানে বাদামি চামড়ার এক ব্যক্তিকে ব্যান্ডানা পরা অবস্থায় দেখিয়ে তাকে ‘মিস্টার সিং’ বলে সম্বোধন করা হয়েছে। পোস্টারটি প্রকাশের পর ভারতীয় ও শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে বৈষম্যমূলক বার্তা দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই ডিজিটাল বিজ্ঞাপনে দেখা যায়, ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্র অপটিমাস প্রাইমের হাতে থাকা ডিএইচএস-এর প্যাচ। তার সামনে দাঁড়িয়ে থাকা বাদামি চামড়ার দাড়িওয়ালা ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা, ‘Get off our roads, you don’t know how to drive, Mr Singh’- অর্থাৎ, ‘আমাদের সড়ক থেকে সরে যান, আপনি গাড়ি চালাতে জানেন না, মিস্টার সিং।’

ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যেতে উৎসাহিত করার বৃহত্তর প্রচারণার অংশ হিসেবে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ডিএইচএস এরই মধ্যে ‘Self-deport or find out’ অর্থাৎ ‘স্বেচ্ছায় নির্বাসন অথবা খুঁজে বের করুন’ স্লোগান ব্যবহার করে প্রচারণাটি চালাচ্ছে। এর আওতায় অনিবন্ধিত অভিবাসীদের নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

এ প্রচারণার পাশাপাশি ডিএইচএস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছোট ভিডিওও প্রকাশ করেছে। সেখানে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের প্রধান খলনায়ক মেগাট্রনকে ‘এলিয়েন’দের মুক্তির বিষয়ে আলোচনা করতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রশাসন বিদেশি নাগরিকদের বোঝাতে ‘এলিয়েন’ শব্দটি ব্যবহার করে থাকে।

ভিডিওতে মেগাট্রন ট্রাকচালক হরজিন্দর সিং, রাজিন্দর কুমার, বেকজান বেইশেকিভ, আখরোর বোজোরভ ও জসবীর সিংকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এসব ট্রাকচালক সড়ক দুর্ঘটনা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি প্রকাশ করে ডিএইচএস বলেছে, কেউ যদি শত্রুতাপূর্ণ উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তাহলে দেশটি আত্মরক্ষা করবে, ‘আমেরিকানিজম’ রক্ষা করবে ও নিজেদের ঘর রক্ষা করবে।

কেন ‘সিং’ নামটি নিয়ে বিতর্ক

‘সিং’ পদবি হিন্দু ও শিখ ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষের মধ্যে প্রচলিত। যুক্তরাষ্ট্রের ট্রাকিং খাতেও এই জনগোষ্ঠীর বড় উপস্থিতি রয়েছে। ফলে বিজ্ঞাপনে ‘মিস্টার সিং’ শব্দটি ব্যবহার করাকে শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বার্তা হিসেবে না দেখে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের বৃহত্তর একটি অংশকে লক্ষ্য করার ইঙ্গিত হিসেবে দেখছেন সমালোচকরা।

বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রকে বোঝাতে যে রোবট চরিত্রটি ব্যবহার করা হয়েছে, সেটিও ‘ট্রান্সফরমার্স’ কাহিনির একটি চরিত্র ও সেই অর্থে একজন ‘এলিয়েন’। ফলে ডিএইচএস-এর প্রচারণায় এই চরিত্র ব্যবহারের বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবাদে হিন্দু ও শিখ সংগঠন

‘মিস্টার সিং’ উল্লেখ করে দেওয়া পোস্টটির তীব্র সমালোচনা করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) ও শিখ কোয়ালিশন। এইচএএফ এক্সে লিখেছে, সিংরা হিন্দু, তারা শিখ, তারা আমেরিকান এবং তারা গাড়ি চালায়। সংগঠনটি ডিএইচএস-এর এই পোস্টকে বর্ণবাদী, অ-আমেরিকান এবং ভারতীয়দের বিরুদ্ধে প্রোফাইলিং ও বিদ্রূপ হিসেবে আখ্যা দিয়েছে।

এইচএএফ আরও বলেছে, এটি রাজনৈতিক বার্তার সীমা ছাড়িয়ে যাওয়া একটি বৈষম্যমূলক পোস্ট ও এ ঘটনায় তদন্ত হওয়া উচিত। সংগঠনটি সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত কে ঢিলন ও এফবিআই পরিচালক কাশ প্যাটেলকেও ট্যাগ করেছে।

শিখ কোয়ালিশন বলেছে, ৯/১১ হামলার ২৫ বছর পরও শিখরা তাদের চেহারার কারণে লক্ষ্যবস্তু ও বৈষম্যের শিকার হচ্ছেন। সংগঠনটি আরও বলেছে, যুক্তরাষ্ট্রে লাখো শিখের পদবি সিং, যার অর্থ ‘সিংহ’। সরকারি প্রচারণায় তাদের শত্রু হিসেবে উপস্থাপন করা হলেও শিখরা নিজেদের পরিচয় নিয়ে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকবেন।

বিতর্কটি এমন সময়ে সামনে এলো, যখন ডিএইচএস-এর সিবিপি হোম কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। এই কর্মসূচির আওতায় যোগ্য অনিবন্ধিত অভিবাসীরা যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার ইচ্ছা নিবন্ধন করতে পারেন।

ডিএইচএস-এর তথ্য অনুযায়ী, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য নিবন্ধন করবেন, তারা ভ্রমণ সহায়তার পাশাপাশি ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত প্রস্থান বোনাসও পেতে পারেন।

সূত্র: এনডিটিভি

এসএএইচ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *