মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান
বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায় থাকা মার্কিন নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, অতীতে ইরান বাহরাইনের বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। এর মধ্যে রাজধানী মানামার কয়েকটি হোটেলও ছিল।
দূতাবাস বলেছে, এ কারণে বাহরাইন ও আশপাশের অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতির প্রতি বাড়তি নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে।
এ ছাড়া সম্ভাব্য বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এ ধরনের পরিস্থিতির জন্য মার্কিন নাগরিকদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।
এদিকে দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী আজ ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।
এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইরানি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
