হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, ক্লিন করবো’
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। শৌচাগারগুলো বন্ধ থাকা, টাইলসে ময়লা-কালো দাগ এবং হাসপাতালের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা দেখে নিজেই পরিষ্কার করার কথা বলেন তিনি। এ সময় দ্রুত এগুলো পরিষ্কার ও নষ্ট ফ্যান মেরামতের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমেকের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগার দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ করে নিজেই পরিষ্কারের কথা বলেন কৃষিমন্ত্রী।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করবো, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইবো, আপনি কেন পারলেন না।’
ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’
ভাইরাল ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখবো বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহানকে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে
