ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২, মিললো অস্ত্রের মজুত
রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল ও শর্টগান জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-তরিকুল ইসলাম তাপস (৩৮) ও মো. মাসুদ রানা (৩৫)।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডেমরা থানার বরাত দিয়ে আকতার বলেন, গত ২৮ আগস্ট ভোরে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেলে এসে হামলা চালান। এসময় তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে একাধিক গুলি ছোড়েন। এতে জানালার কাঁচ ভেঙে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।
সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির গেটের সামনের রাস্তা থেকে গুলির ৪টি খোসা জব্দ করে। এ ঘটনায় ডেমরা থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
তিনি বলেন, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানাধীন এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাপস ও মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি, একটি সিংগেল ব্যারেল পুরাতন শর্টগান ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানা পুলিশ গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও একটি পৃথক মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেআর/এমআইএইচএস

